শনিবার, ০৭ মার্চ ২০২৬, ১১:২০ পূর্বাহ্ন
ইলিশের যে পদই রান্না করা হোক না কেন, স্বাদে তা আলাদা মাত্রা যোগ করে। ভাপা, ভুনা কিংবা ঝোলের পাশাপাশি ইলিশ দিয়ে তৈরি করা যায় ভিন্নধর্মী ও সুস্বাদু আচারও। এই আচার শুধু স্বাদেই নয়, প্রতিদিনের খাবারে নতুনত্ব ও বৈচিত্র্য এনে দেয়। গরম ভাতের সঙ্গে পরিবেশন করলে খাবার হয়ে ওঠে আরও মুখরোচক। পাশাপাশি এটি চাটনি বা অন্যান্য তরকারির বিকল্প হিসেবেও দারুণ মানিয়ে যায়।
চলুন জেনে নেওয়া যাক কিভাবে সহজেই তৈরি করবেন ইলিশ মাছের মজাদার আচার—
উপকরণ
১. ইলিশ মাছ আধা কেজি (ছোট টুকরো করা)
২. সরিষার তেল ১ কাপ
৩. পেঁয়াজ কুচি ১ কাপ
৪. রসুন কোয়া ২ টেবিল চামচ
৫. আদা বাটা ১ চা চামচ
৬. সরিষা বাটা ১ টেবিল চামচ
৭. শুকনা মরিচের গুঁড়া ১ চা চামচ
৮. হলুদ গুঁড়া আধা চা চামচ
৯. জিরা গুঁড়া আধা চা চামচ
১০. পাঁচফোড়ন গুঁড়া ১ চা চামচ
১১. ভিনেগার (সিরকা) ২ টেবিল চামচ
১২. কাঁচা মরিচ ৬টি
১৩. আমের আচার ১ টেবিল চামচ (ঐচ্ছিক, টকের জন্য)
১৪. লবণ স্বাদমতো
প্রস্তুত প্রণালি
প্রথমে ইলিশ মাছের টুকরোগুলো ভালোভাবে ধুয়ে লবণ ও হলুদ মাখিয়ে সরিষার তেলে লালচে করে ভেজে তুলে রাখুন। একই তেলে পেঁয়াজ কুচি দিয়ে হালকা বাদামি রঙ হওয়া পর্যন্ত ভাজুন। এরপর আদা বাটা, রসুন, সরিষা বাটা, হলুদ, শুকনা মরিচের গুঁড়া এবং স্বাদমতো লবণ দিয়ে মসলা ভালোভাবে কষান।
মসলা থেকে তেল ছাড়তে শুরু করলে তাতে ভেজে রাখা ইলিশ মাছ ও কাঁচা মরিচ যোগ করুন। এরপর সামান্য ভিনেগার দিন, যাতে আচার দীর্ঘদিন ভালো থাকে। জিরা গুঁড়া ও পাঁচফোড়ন গুঁড়া ছড়িয়ে একেবারে কম আঁচে ৫ থেকে ১০ মিনিট রেখে দিন।
তেল উপরে ভেসে উঠলে চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নিন। এরপর গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন। দীর্ঘদিন সংরক্ষণ করতে চাইলে পরিষ্কার ও শুকনো কাঁচের বয়ামে রেখে দিন। মাঝে মাঝে রোদে দিলে আচার আরও ভালো থাকবে।