শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০১:৩১ অপরাহ্ন
গণভোট ও সংসদ নির্বাচনকে সামনে রেখে ক্যারাভ্যান বা ভ্রাম্যমাণ বাহনে প্রচার চালানোর সময় জনদুর্ভোগ সৃষ্টি হলে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
বুধবার (৪ ফেব্রুয়ারি) ইসির সিনিয়র সহকারী সচিব মো. শহিদুল ইসলাম এ সংক্রান্ত নির্দেশনা রিটার্নিং কর্মকর্তাদের কাছে পাঠিয়েছেন।
নির্দেশনায় বলা হয়েছে— আসন্ন গণভোট এবং ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উৎসবমুখর করার প্রয়াসে যানবাহনের চারপাশে ডিজিটাল প্রযুক্তি অথবা সাধারণ প্রচারসামগ্রী ব্যবহার করে ক্যারাভ্যান বা ভ্রাম্যমাণ বাহনে প্রচারণা চালানো যাবে। তবে এ ধরনের প্রচারণাকালে যানবাহন চলাচলে বিঘ্ন সৃষ্টি করা বা জনদুর্ভোগ করা যাবে না।
নির্দেশনায় আরও বলা হয়, বর্ণিত অবস্থায় নির্বাচনি প্রচারণা বিষয়ে নির্বাচন কমিশন কর্তৃক গৃহীত সিদ্ধান্ত প্রতিদ্বন্দ্বী প্রার্থী, আচরণবিধি প্রতিপালনে নিয়োজিত নির্বাহী ম্যাজিস্ট্রেটসহ সংশ্লিষ্ট সকলকে অবহিত করতে হবে।
আগামী ১২ ফেব্রুয়ারি গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। আর নির্বাচনি প্রচার চালানো যাবে ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা পর্যন্ত।